দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর সাপাহারে ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাকা ফেরত ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জিরো পয়েন্টে কোচকুড়লিয়া এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও সমিতির সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোয়ালা ইউনিয়নের কোচকুড়লিয়া এলাকায় ‘গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-২৩৬৬) দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করে আসছিল। অধিক মুনাফা ও সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সমিতির পরিচালক মো. আব্দুল হালিমসহ সংশ্লিষ্টরা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা আমানত সংগ্রহ করেন।
তারা জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর হঠাৎ করে সমিতির কার্যালয় তালাবদ্ধ করে কর্মকর্তারা আমানতের টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. আব্দুল হালিম, উম্মে কুলসুম, মো. সবুজ, মোসা. সুবর্ণা, মো. সোহাগ, মো. হাই বাবু ও মো. মাসুদ রানা। তারা সবাই কোচকুড়লিয়া এলাকার বাসিন্দা।
ভুক্তভোগীরা বলেন, কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। অভিযুক্তদের মোবাইল বন্ধ এবং তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কোনো উপায় না পেয়ে তারা আন্দোলনে নেমেছেন।
মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। এতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আমানতের টাকা ফেরতের দাবি জানানো হয়।
এ বিষয়ে সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং ভুক্তভোগীদের টাকা ফেরতে সহযোগিতা করা হবে।
সাপাহার থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, স্মারকলিপি পাওয়া গেছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/